স্টাফ স্পেশাল ট্রেনে ওঠা নিয়ে সোনারপুর স্টেশনে ধুন্ধুমার
দি নিউজ লায়ন ; বৃহস্পতিবার সকালে রণক্ষেত্রের চেহারা নিল সোনারপুর স্টেশন। জিআরপি ও আরপিএফের সঙ্গে রেলযাত্রীদের সংঘর্ষে তুলকালাম বেঁধে যায় এদিন সকালে। সকাল ৭.১০ নাগাদ বারুইপুর থেকে শিয়ালদহগামী স্পেশাল ট্রেন সোনারপুর স্টেশনে এসে দাঁড়ালে প্রচুর যাত্রী ট্রেনে উঠে পড়েন। ঘটনাস্থলে মোতায়েন রেলরক্ষী বাহিনী জানায়, স্টাফ স্পেশাল ট্রেনে নিত্য যাত্রীরা উঠতে পারবেন না।
অভিযোগ কয়েক জন যাত্রীকে ট্রেন থেকে জোর করে নামিয়ে দেয় জিআরপি এবং আরপিএফ। এর পরই কার্যত রণক্ষেত্রের চেহারা নেয় সোনারপুর স্টেশন চত্বর। রেল পুলিশের সঙ্গে রেলযাত্রীদের সংঘর্ষ বেঁধে যায়। ব্যাপক ভাঙচুর করা হয় দাঁড়িয়ে থাকা লোকাল ট্রেনে। পাল্টা লাঠিচার্জ করে জিআরপি এবং আরপিএফ। লাঠির আঘাতে বেশ কয়েকজন যাত্রী আহত হন বলে অভিযোগ। ট্রেনের জানলার কাঁচ ভেঙেও অনেকে জখম হন।
খবর পেয়ে ঘটনাস্থলে আসেন বারুইপুর পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার ইন্দ্রজিৎ বসুর নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী। যাত্রীদের অভিযোগ, বিনা প্ররোচনায় লাঠি চালিয়েছে রেল রক্ষীবাহিনী। লাঠির আঘাতে অন্তত ১০ থেকে ১৫ জন জখম হয়েছে। রেলের পক্ষ থেকে জানানো হয়েছে, স্টাফ স্পেশাল ট্রেনে বেশ কিছুদিন ধরেই বহু নিত্যযাত্রী উঠে পড়ছিলেন।
ট্রেনে রীতিমতো ভিড় হচ্ছিল। তাই বাধ্য হয়েই এদিন জিআরপি এবং আরপিএফকে মোতায়েন করা হয়। যদিও যাত্রীদের পাল্টা বক্তব্য, ট্রেনে যাত্রীরা উঠে পড়লে তাদের কেন বুঝিয়ে ট্রেন থেকে নামানোর চেষ্টা করল না রেল রক্ষীবাহিনী। প্রথম থেকেই তাদের লাঠিপেটা করা হলো যার জেরে উত্তেজনা ছড়াল। অনেকে আহত হলেন। জিআরপি এবং আরপিএফ আরেকটু সহিষ্ণু হলে এই পরিস্থিতি তৈরি হতো না

Post a Comment